২,২০০ বছর আগের রোমান জাহাজ মেরামতের হদিস দিল পানিনিরোধক উপায়

২,২০০ বছর আগের রোমান জাহাজ মেরামতের হদিস দিল পানিনিরোধক উপায়

আজ থেকে প্রায় ২,২০০ বছর আগে, ক্রোয়েশিয়ার ইলোভিক দ্বীপ থেকে মাত্র ৫০০ মিটার দূরে, অ্যাড্রিয়াটিক সাগরের তলায় ডুবে গিয়েছিল একটি রোমান বাণিজ্যিক জাহাজ। ২০১৬ সালে ডুবুরিরা যখন জাহাজটি খুঁজে পান, তখন সেটি ছিল সাগরপৃষ্ঠ থেকে মাত্র চার মিটার নিচে। জাহাজের হাল আর কার্গোর কাঠ পরীক্ষা করে এএমএস রেডিওকার্বন ডেটিং (AMS Radiocarbon Dating) পদ্ধতিতে জানা যায়, জাহাজটি তৈরি হয়েছিল আনুমানিক ১৭০ খ্রিস্টপূর্বাব্দে। অ্যামফোরার (Amphora) নকশা যাচাই করেও এই সময়কাল মিলে যায়।

জাহাজটি ছিল আনুমানিক ২১.৫ মিটার লম্বা আর ৬.৫ মিটার চওড়া। ধারণা করা হচ্ছে, এতে বহন করা হচ্ছিল কাঠের গুঁড়ি আর ওয়াইনভর্তি অ্যামফোরা। তবে গবেষকদের আসল আগ্রহ জাহাজের গায়ে লেপা প্রলেপ নিয়ে। রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে, এই প্রলেপ মূলত উত্তপ্ত করে তৈরি কনিফার গাছের আলকাতরা, অর্থাৎ পাইন গাছের রস জ্বাল দিয়ে বানানো টার। অন্তত একটি নমুনায় শুধু টার নয়, তার সঙ্গে মোমও (Beeswax) মেশানো পাওয়া গেছে। এই মিশ্রণ জাহাজের কাঠের ফাটল বন্ধ রাখত, পানি ঢুকতে দিত না।

এই আবিষ্কারের কথা শুনলে মনে পড়ে যায় রোমান লেখক প্লিনি দ্য এল্ডারের একটি পুরনো পর্যবেক্ষণের কথা। তিনি লিখেছিলেন, “গ্রিকরা জাহাজের তলা থেকে চেঁছে তোলা মোম-মিশ্রিত আলকাতরাকে ডাকত জোপিসা নামে, আর সবচেয়ে ভালো জোপিসা পাওয়া যেত জাহাজের প্রথম যাত্রার পরে।” প্রায় দুই হাজার বছর আগে লেখা প্লিনির এই কথা, আর সমুদ্রের তলা থেকে তুলে আনা আসল প্রলেপের রাসায়নিক গঠন, আজ একই সত্যি বলছে।

সূত্র

  • CEREGE. "An Ancient Ship on the Croatian Coast." n.d.
  • MaSS (Cultural Heritage Agency database). "Ilovik–Paržine 1." n.d.
  • Frontiers. "Roman shipwreck reveals fascinating history of repairs throughout the Adriatic 2,200 years ago." 2026.
  • Charrié et al. (2026). "Adhesive coatings in naval archaeology: molecular and palynological investigations on materials from the Roman Republican wreck Ilovik–Paržine 1 (Croatia)." 2026.
  • Smithsonian Magazine. "A Brittle Coating on a 2,200-Year-Old Roman Shipwreck Reveals How Ancient Sailors Kept Their Ships Afloat." 2026.
  • Popular Science. "2,200-year-old Roman shipwreck unlocks mysteries of how ships were built and repaired." 2026.
#BigganPotro#ইতিহাস#প্রত্নতত্ত্ব

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।