
১৯৯৯ সালে স্পেনের এক ছোট শহরের মেয়র একটি সরকারি ডিক্রি জারি করেন, যাতে বলা হয় শহরে কারো মরা নিষেধ। মজার ব্যাপার হলো, এটা শুদু একটা নেহাত রসিকতা ছিল না।
শহরটির নাম লানহারোন (Lanjarón), স্পেনের দক্ষিণে পাহাড়ি এলাকায় অবস্থিত একটি ছোট্ট স্পা-শহর, যা তার খনিজ জলের জন্য পরিচিত। বেশিরভাগ মানুষ এই নাম আগে কখনো শোনেননি, কিন্তু এখানকার একটি ঘটনা এখনো ইতিহাসের এক অদ্ভুত উদাহরণ হয়ে আছে।
সমস্যাটা শুরু হয়েছিল বাস্তব এক সংকট থেকে। শহরের কবরস্থানে আর জায়গা ছিল না, আর অঞ্চল কর্তৃপক্ষ কবরস্থান সম্প্রসারণের জন্য নতুন জমি অনুমোদন করেনি। মেয়রের হাতে তখন কার্যত কোনো সমাধান ছিল না, শুধু একটা প্রতীকী পদক্ষেপ ছাড়া। তিনি ডিক্রি জারি করে বাসিন্দাদের মৃত্যু নিষিদ্ধ ঘোষণা করলেন, যতক্ষণ না নতুন জায়গার ব্যবস্থা হয়।
লোকজন যখন তার এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, মেয়র সরাসরি জবাব এড়িয়ে বলেছিলেন, শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালার। উত্তরটা যাই হোক, বাস্তবতাকে তো মেনে নিতেই হবে।
বাস্তবতা অবশ্য নিজের নিয়মেই চলেছে। বিভিন্ন উৎসের বিবরণ অনুযায়ী, ডিক্রি জারির প্রায় এক সপ্তাহ পরেই মেয়রের এক বন্ধু, ৯১ বছর বয়সী এক বাসিন্দা, মারা যান। তাকে কোনো ঝামেলা ছাড়াই কবর দেওয়া হয়। আইন যেমনই হোক, শহরটাকে শেষমেশ বাস্তবতার সঙ্গেই আপস করতে হয়েছিল।
গল্পটা এখানেই শেষ হয়নি। ২০২৫ সালে এসেও লানহারোন আবার তাদের কবরস্থান সম্প্রসারণ করেছে, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে। মানে যে সমস্যাটা ১৯৯৯ সালে একজন মেয়রকে অদ্ভুত এক ডিক্রি জারি করতে বাধ্য করেছিল, সেটা আসলে কখনো পুরোপুরি মেটেনি, শুধু বারবার সামলে নেওয়া হয়েছে।
একটা ছোট শহরের এই গল্প মনে করিয়ে দেয়, প্রশাসনিক সীমাবদ্ধতা কখনো কখনো এমন সব সিদ্ধান্তের জন্ম দেয় যা শুনতে হাস্যকর মনে হলেও, তার পেছনে থাকে একেবারে বাস্তব এক সংকট।
সূত্র
- El Debate. "El pueblo granadino en el que estuvo «prohibido morirse» amplía su cementerio." 2025.
- España al Día. "Lanjarón, el pueblo donde estuvo "prohibido morir"." n.d.
- Deseret News. "Spanish mayor outlaws dying." 1999.
- The Local Spain. "The towns in Spain where it was illegal to die." 2024.
- Ayuntamiento de Lanjarón. "Lanjarón amplía su cementerio municipal con 80 nuevos nichos y pone en valor el panteón de las Hermanas Hijas de la Caridad." 2025.
- Wikipedia. "Lanjarón." n.d.
- Image credit: Barcelo. "Lanjarón, the spa town of Andalusia."
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।