
ক্যান্সার আক্রান্ত রোগীর হাড়ের মজ্জা যদি একবার শিখে যায় কীভাবে ক্যান্সার কোষের বিরুদ্ধে আরও জোরালোভাবে লড়তে হয়, আর সেই শিক্ষা মাসের পর মাস ধরে টিকে থাকে, তাহলে সে ক্যান্সার এর বিরুদ্ধে লড়াই এ আরও অনেক সুযোগ পায়। ২০২৬ সালের একটি গবেষণায় ঠিক এমনই একটা সম্ভাবনার ইঙ্গিত মিলেছে, ইঁদুরের শরীরে। গবেষকরা দেখেছেন, ঈস্ট থেকে তৈরি বিটা-গ্লুকান (Beta-glucan) নামের একটি সাপ্লিমেন্ট হাড়ের মজ্জার স্টেম কোষগুলোকে পুনর্গঠন করতে পারে, যার ফলে রোগ প্রতিরোধী ব্যবস্থা আরও শক্তিশালীভাবে সাড়া দিতে শুরু করে।
এটা বোঝার জন্য প্রথমে জানা দরকার, শরীরের রোগ প্রতিরোধী কোষগুলো আসে কোথা থেকে। মনোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার কোষ, নিউট্রোফিল, শরীরে টহল দেওয়া প্রতিটি কোষের উৎস একই জায়গা, হাড়ের মজ্জার হেমাটোপোয়েটিক স্টেম কোষ (Hematopoietic Stem Cell)। এই একই কোষ-জনগোষ্ঠীকেই খাদ্যাভ্যাস দিয়ে বদলে ফেলা যায় কিনা, সেটাই ছিল গবেষণার মূল প্রশ্ন।
উত্তরটা লুকিয়ে আছে "ট্রেইনড ইমিউনিটি" (Trained Immunity) নামের একটি প্রতিষ্ঠিত ঘটনার মধ্যে। এটা এক ধরনের স্মৃতি, যা innate immune কোষ এবং তাদের পেছনের বোন-ম্যারো স্টেম কোষে তৈরি হয়, ফলে পরবর্তী কোনো হুমকির মুখোমুখি হলে তারা আরও জোরালো সাড়া দেয়। ব্যাপারটা নতুন নয়। যক্ষ্মার বিরুদ্ধে ব্যবহৃত BCG ভ্যাকসিন এবং বিটা-গ্লুকান নিয়ে আগেও বহু গবেষণায় এই ঘটনা দেখা গেছে। ২০২৬ সালের এই গবেষণা একই নীতি ব্যবহার করে দেখিয়েছে, ইঁদুরের শরীরে ঈস্ট বিটা-গ্লুকান ইমিউনোমেটাবলিক (Immunometabolic) পথে ক্যান্সার-বিরোধী সাড়া বাড়িয়ে দিয়েছে।
তবে একটা গুরুত্বপূর্ণ শর্ত থেকেই যাচ্ছে। এই ফলাফল এখন পর্যন্ত শুধু ইঁদুরে দেখা গেছে, মানুষের শরীরে এখনো প্রমাণিত হয়নি। হাড়ের মজ্জাকে "প্রশিক্ষণ" দেওয়ার এই ধারণা রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বোঝাপড়া বদলে দেওয়ার মতো, কিন্তু সাপ্লিমেন্ট থেকে সরাসরি ফল আশা করার আগে মানুষের ওপর পরীক্ষার অপেক্ষা করতে হবে।
সূত্র
- Ledwith et al. "Yeast β-glucan supplementation supports immunometabolic anti-tumor responses and reverses obesity-induced dysfunction via trained hematopoiesis." 2026.
- UCD Conway Institute. "Yeast dietary supplement may offer a safe nutritional strategy to boost cancer immunity." 2026.
- Frontiers in Immunology. "Potent induction of trained immunity by Saccharomyces cerevisiae β-glucans." 2024.
- iScience. "Recognition of yeast β-glucan particles triggers immunometabolic signaling required for trained immunity." 2024.
- NIH (National Institutes of Health). "Hematopoietic stem cells: interplay with immunity." n.d.
- Image credit: Pexels/Marek Piwnicki
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।