হাই স্কুল শিক্ষার্থীর বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আবিষ্কার জিতেছে একাধিক পুরস্কার

হাই স্কুল শিক্ষার্থীর বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আবিষ্কার জিতেছে একাধিক পুরস্কার

মাইক্রোপ্লাস্টিক দূষণ এমন এক সমস্যা, যা নিজে থেকে দূর হয় না। আয়ারল্যান্ডের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আরিয়া সাথিশ প্রশ্ন করেছিলেন ভিন্নভাবে: এমন প্লাস্টিক বানানো গেলে কেমন হয়, যা শুধু নিজে মিলিয়ে যায় না, বরং চারপাশের অন্য মাইক্রোপ্লাস্টিককেও সাথে ধ্বংস করে ফেলতে পারে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে আবিষ্কার Eco Purge। এটি একটি উদ্ভিদভিত্তিক, জৈব-অবক্ষয়যোগ্য (biodegradable) প্লাস্টিক, যা ভাঙতে ভাঙতে প্লাস্টিক-ক্ষয়কারী এনজাইম (enzyme) ছেড়ে দিতে থাকে। অর্থাৎ, এই প্লাস্টিক শুধু পরিবেশে মিশে যায় না, বরং আশেপাশে ছড়িয়ে থাকা অন্য মাইক্রোপ্লাস্টিক কণা ভাঙতেও সাহায্য করে। একটি জিনিস অদৃশ্য হওয়ার সময় আরেকটি সমস্যাও কমিয়ে দিচ্ছে, এই ধারণাটাই আবিষ্কারটিকে আলাদা করে।

এই কাজের জন্য আরিয়া জিতেছেন দ্য আর্থ প্রাইজ ২০২৬-এর ইউরোপীয় বিভাগ, সাথে ১২,৫০০ ডলার পুরস্কার, যা তাঁর ধারণাকে আরও এগিয়ে নেওয়ার কাজে ব্যবহার হবে। এই প্রতিযোগিতা সাধারণ কোনো স্কুল-প্রকল্প প্রতিযোগিতা নয়। বিশ্বের অন্যতম বৃহৎ কিশোর-কিশোরীদের পরিবেশ প্রতিযোগিতা এটি, যেখানে মোট পুরস্কারের পরিমাণ এক লক্ষ ডলার, আর অংশগ্রহণকারীরা আসে বিশ্বের সাতটি অঞ্চল থেকে। অর্থাৎ, আরিয়ার আইডিয়া কোনো একটি স্কুল বা শহরের সেরা প্রকল্প হয়েই থামেনি, বেছে নেওয়া হয়েছে পুরো ইউরোপ মহাদেশ থেকে।

মাইক্রোপ্লাস্টিক নিয়ে এখন পর্যন্ত বেশিরভাগ সমাধান কেন্দ্রীভূত ছিল প্লাস্টিক ব্যবহার কমানো বা সেগুলো ফিল্টার করে সরানোর ওপর। Eco Purge হাঁটছে ভিন্ন পথে: প্লাস্টিককেই এমনভাবে ডিজাইন করা, যাতে সে নিজের অস্তিত্ব শেষ করার সময় আরও কিছু ক্ষতিকর কণা সঙ্গে নিয়ে যায়।

এখনো এটি গবেষণার প্রাথমিক ধাপে, একজন হাইস্কুল শিক্ষার্থীর হাতে তৈরি একটি ধারণা মাত্র। কিন্তু এটি মনে করিয়ে দেয়, সমস্যার সমাধান কখনো কখনো সমস্যার উৎস থেকেই বেরিয়ে আসতে পারে।

সূত্র

  • The Earth Prize. "The $100K Earth Prize 2026: 18-year-old named European Winner for biodegradable plastic that breaks down microplastics." 2026.
  • Smithsonian Magazine. "This High Schooler Invented a Plant-Based Plastic That Removes Microplastics From the Environment as It Biodegrades." 2026.
  • The Earth Prize. "The Earth Prize 2026 | Apply Now — $100,000 in Prizes." 2026.
  • Image credit: The Earth Prize
#BigganPotro#বিজ্ঞান#মাইক্রোপ্লাস্টিক

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।