
বোসন কণারা ভিড় করতে ভালোবাসে, একই জায়গায় গাদাগাদি করে থাকতে কোনো আপত্তি নেই তাদের। ফার্মিয়নরা ঠিক উল্টো স্বভাবের, জায়গা ভাগ করে নিতে রাজি নয় কখনোই। তাহলে কি এই দুই বিপরীতধর্মী কণা মিলে এমন কিছু গড়তে পারে, যা বাইরের কোনো বল ছাড়াই নিজেকে নিজে আটকে রাখে?
একটি নতুন তাত্ত্বিক গবেষণায় পদার্থবিদরা দেখিয়েছেন, উত্তরটা হ্যাঁ হতে পারে। হিসাব অনুযায়ী, বোসন ও ফার্মিয়ন মিলে একধরনের স্থিতিশীল কোয়ান্টাম ফোঁটা (Quantum droplet) গঠন করতে পারে, যা নিজের শক্তিতেই জোড়া লেগে থাকে। মনে রাখা দরকার, এটা এখনো শুধু কাগজে-কলমের হিসাব। ল্যাবে বানানো বা সরাসরি পর্যবেক্ষণ করা হয়নি এখনো।
প্রশ্ন হলো, জোড়া লাগার কাজটা করে কী? আগে পরিচিত কোয়ান্টাম ফোঁটাগুলো একভাবে আটকে থাকত। এই নতুন ফোঁটায় ভারসাম্যটা একটু আলাদা। বোসন আর ফার্মিয়নের মধ্যে একটা টান কাজ করে, যা তাদের কাছে টানে। আবার ফার্মিয়নরা নিজেদের স্বভাবগত কারণেই একধরনের বাইরের দিকে ঠেলে দেওয়ার মতো "চাপ" তৈরি করে। এই টান আর চাপ একে অপরকে এমনভাবে সামলে রাখে যে গোটা গঠনটা ভেঙে পড়ে না, আবার ছড়িয়েও যায় না। ফলাফল, একটি আত্মনির্ভর গঠন, যার টিকে থাকার জন্য বাইরের কোনো সাহায্য লাগে না।
এটা বিস্ময়কর, কারণ বছরের পর বছর ধরে প্রচলিত তত্ত্ব বলে এসেছে, বোসন আর ফার্মিয়নের মধ্যে এত শক্তিশালী বন্ধন তৈরি হলে সেই গঠন বেশিক্ষণ টিকবে না, গবেষণা করার মতো সময়ও পাওয়া যাবে না। নতুন এই হিসাব সেই দীর্ঘদিনের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে।
এখনো এটা একটা সম্ভাবনা, বাস্তবতা নয়। কিন্তু এই গণনা সত্যি হলে, পদার্থের একেবারে নতুন একটা রূপের দরজা খুলে যেতে পারে, যেখানে প্রকৃতির দুই সবচেয়ে বিপরীতধর্মী কণা একসাথে মিলেমিশে এমন কিছু তৈরি করে, যা আলাদা আলাদাভাবে তারা কখনোই পারত না।
সূত্র
- Foster, Bleu, Levinsen & Parish. "Quantum Droplets in a Resonant Bose-Fermi Mixture." 2026.
- Monash University. "Monash physicists uncover a new form of quantum matter that could reshape future quantum technologies." 2026.
- Monash University (via ScienceDaily). "A strange new quantum droplet can hold itself together." 2026.
- TechExplorist. "A strange quantum droplet could defy decades of conventional thinking." 2026.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।